Results for sports

ভারতের হারের কারণ কী! ময়নাতদন্ত সৌরভের

জুলাই ১৮, ২০১৮



সৌরভ গঙ্গোপাধ্যায় হারের ময়নাতদন্ত করলেন। উঠে এল একাধিক কারণ।
ভারতের ব্যাটিং অর্ডার নির্বাচন ঠিকঠাক হচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ওয়ানডে-তে হারের পরে প্রকাশ্যেই সমালোচনা করেছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলার শেষে ভারতের হার নিয়ে ময়নাতদন্ত করতে বসে সৌরভ বলেন, ‘‘চোখ বন্ধ করে কেএল রাহুল যাবে চার নম্বরে। প্রথম চারে সেরা চারজন ব্যাটসম্যানকেই পাঠানো উচিত। লোকেশ রাহুলকে বলা উচিত, তোমাকে ১৫টা ম্যাচ দেওয়া হচ্ছে। যাও গিয়ে খেলো।’’

শেষ তিন বছরের পরিসংখ্যান বলছে, প্রথম তিন জনের কেউ অর্ধশতরান করতে না পারলে ভারতের পক্ষে দেড়শো রান তাড়া করাও সম্ভব হচ্ছে না। অর্থাৎ ভারতীয় দল প্রথম তিন জনের উপরে বেশি মাত্রায় নির্ভরশীল। এই অতিরিক্ত নির্ভরতাকে সমস্যা হিসেবেই দেখছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘এটা বড় সমস্যা বলেই আমার মনে হয়। ভারতকে এই সমস্যা কাটিয়ে ওঠার রাস্তা খুঁজে বের করতে হবে।’’ মঙ্গলবার লোকেশ রাহুলকে ছাড়াই খেলতে নেমেছিল ভারতীয় দল। তাঁর জায়গায় ব্যাট হাতে নেমেছিলেন দীনেশ কার্তিক। ২২ বলে ২১ রান করেন কার্তিক। ভারতের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘ধোনি, রায়না ও কার্তিক —পাঁচ, ছয় ও সাত নম্বরে দারুণ ব্যাট। চার নম্বরের যোগ্য একজনকে খুঁজে বের করতে হবে। আমার মনে হয়, ভারতের সেরা দু’ জন ব্যাটসম্যানকে ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। এটা যে ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে তা নয়। ভুলই হচ্ছে। আমার মতে, লোকেশ রাহুল বা অজিঙ্কে রাহানের মধ্যে যে কোনও একজনকে চারে পাঠানো উচিত। রোহিত শর্মা ও বিরাট কোহলির উপরে চাপ পড়ে যাচ্ছে।’’

কোহলি রান না পাওয়ায় ভারতকে হারতে হচ্ছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় ছ’টি ম্যাচের মধ্যে কোহলি তিনটিতে শতরান পেয়েছিল। এখানে কোহলি সেঞ্চুরি পায়নি। তাই ভারতেরও জিততে সমস্যা হচ্ছে।’’
ভারতের হারের কারণ কী! ময়নাতদন্ত সৌরভের ভারতের হারের কারণ কী! ময়নাতদন্ত সৌরভের Reviewed by aa on জুলাই ১৮, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.