বিজেপি রাজ্য সভাপতিকে গরু পাঠাবেন মুখ্যমন্ত্রী। আপাত অবাক করা বিষয় হলেও এমনই ‘ঘোষণা’ করলেন স্বয়ং মমতা। কিন্তু কেন এমন প্রসঙ্গের অবতারণা?
রাজ্য বিধানসভায় মৎস্য দফতরের প্রশ্নোত্তর পর্বে মৎস্যমন্ত্রীকে বসিয়ে নিজেই বিধায়কদের উত্তর দিতে থাকেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে মাছ চাষে স্বনির্ভরতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যেখানে গত ১০ বছরে মাছের উৎপাদন বেড়েছে মাত্র ২০ শতাংশ, সেখানে অন্ধ্রপ্রদেশে উৎপাদন বেড়েছে ১৩৩ শতাংশ। অন্ধ্রে গিয়ে যদি পরিদর্শন করে আসেন পশ্চিমবঙ্গের মৎস্য দফতরের আধিকারিকরা, তা হলে ভাল হয় বলেও পরামর্শ দেন দিলীপ।
এতেই চটে যান মুখ্যমন্ত্রী। তিনি দিলীপ ঘোষের উদ্দেশে বলেন, ‘‘বাংলায় মাছের চাহিদা অনেক বেশি। অন্ধ্রে মানুষ এত বেশি মাছ খায় না। বাংলাটা না জেনে বাংলার কথা বললে হবে! আগে বাংলাটা জানুন।’’
এর পরেই মমতা ‘গরু’ প্রসঙ্গে ঢোকেন। প্রধানমন্ত্রী সম্প্রতি আফ্রিকা মহাদেশে রোয়ান্ডা দেশের একটি গ্রামে ২০০টি গরু দান করেছেন। সেই সূত্র টেনে এনেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যা শুরু করেছেন, প্রধানমন্ত্রী নিজে গরু গিফট করছেন, আমরাও এবার গরু গিফট করব। সবার প্রথম আপনাকেই গরুটা দেব।’’
‘‘আপনারা তো মাছ খাবেন না, মাংস খাবেন না, এবার তো মনে হচ্ছে গরু নিয়ে গিয়ে বিয়েবাড়িতে গিফট দিতে হবে,’’ বলেন মুখ্যমন্ত্রী।
বিধানসভার মধ্যে দিলীপ ঘোষ এর জবাব দেননি। তার আগে অবশ্য তিনি নালিশ করেছিলেন, আগের বার বিধানসভায় ইলিশ দেওয়া হলেও অনেক বিধায়কই তা পাননি।
এই প্রসঙ্গে উল্লেখ্য, রোয়ান্ডায় ‘গিরিনিকা’ বলে একটি গোদান কর্মসূচি নেওয়া হয়। এর অর্থ— দরিদ্র পরিবার পিছু একটি করে গরু। এটি ওই দেশের প্রাচীন ঐতিহ্য অনুসারে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি অঙ্গ।
দিলীপকে গরু উপহার দেবেন মমতা! কিন্তু কেন জানুন
Reviewed by aa
on
জুলাই ২৬, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: