মেডিক্যালের সমস্যা মিটে যাওয়ার পরে নতুন চিন্তা জুটল সরকারের কপালে। এবার জঙ্গলমহলের আদিবাসীদের বিক্ষোভ। কী দাবি তাঁদের? হস্টেল নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রদের অনশন-পর্ব শেষ হতেই নতুন সমস্যা তৈরি হল আদিবাসীদের নিয়ে। রাজ্যের বিভিন্ন জেলায় আদিবাসী এলাকার বিদ্যালয়গুলিতে প্রকৃত সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করলেন আদিবাসীরা। আদিবাসী সোশিও এডুকেশনাল কালচারাল অ্যাসোশিয়েশন ও ভারত জাকাত মাঝি পরগনা মহল নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এই অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে সোমবার বেলা দশটা থেকে। সংগঠনের নেতৃত্বের দাবি লিখিতভাবে হাতে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জঙ্গলমহলের ভিতরে থাকা আদিবাসী এলাকায় বহু বিদ্যালয়ে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে পঠন-পাঠন শুরু করা হয়েছে। কিন্তু আদিবাসীদের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই পরিকাঠামো চালু করা হলেও সেখানে প্রকৃত সাঁওতালি শিক্ষক নেই। তা ছাড়া, প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে বেরিয়ে আদিবাসী ছাত্র-ছাত্রীরা উচ্চ বিদ্যালয়ে গেলেই আর সাঁওতালি শিক্ষা পাচ্ছে না। কারণ, উচ্চ বিদ্যালয় স্তরগুলিতে সাঁওতালি শিক্ষা পরিকাঠামো নেই। তাই আদিবাসী অধ্যুষিত এলাকায় এই বিষয়ে পর্যাপ্ত পরিকাঠামোর দাবি উঠেছে। ভারত জাকাত মাঝি পরগনা মহলের অবিভক্ত মেদিনীপুর জেলার সভাপতি রাইসান হাঁসদা বলেন, "মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন, জঙ্গলমহলের অনেক উন্নতি করা হবে।
কিন্তু কোথায় সেই প্রকৃত উন্নতি? যেখানে জঙ্গলমহলের মূল বাসিন্দাদেরই তাদের শিক্ষায় শিক্ষিত করার সঠিক উদ্যোগ নেই। সবাই আদিবাসীদের নিয়ে রাজনীতি করছে, কিন্তু আদিবাসীদের ক্ষোভ কোথায় সেটা সরকার বুঝতে চাইছে না। আমরা তাই এই শিক্ষার প্রকৃত পরিকাঠামো শিক্ষক ও আলাদা সাঁওতালি বোর্ড গঠনের দাবিতে এই অবস্থান শুরু করলাম। প্রকৃত অর্থে দাবি আদায় না হলে এই অবস্থান চলবে।" কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে এই আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা কথা বলে বোঝানোর চেষ্টা হয়েছে। তবে কোনও সুষ্ঠু সমাধানের রাস্তা এখনও বেরিয়ে আসেনি। ফলে অবস্থান বিক্ষোভ অব্যাহত।
মেডিকেল কলেজের পরে আবার বিক্ষোভ ! কাদের জানুন
Reviewed by aa
on
জুলাই ২৩, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২৩, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: